ঢাকা, শনিবার, ০৭ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গোলবারে মিলির লড়াইয়ে মুগ্ধ কোচ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৭ মার্চ, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


গোলবারে মিলির লড়াইয়ে মুগ্ধ কোচ

এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক রুপনা চাকমাকে একাদশের বাইরে রেখে সুযোগ দেওয়া হয়েছে তরুণ গোলকিপার মিলি আক্তারকে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দল হারলেও নিজের পারফরম্যান্স দিয়ে প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ গোলরক্ষক। বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলারের চোখে মিলি একজন লড়াকু ফুটবলার, যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ফিফা র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা উত্তর কোরিয়ার বিপক্ষে খেলতে নেমে বাংলাদেশ ৫-০ গোলে হেরে যায়।

তবে স্কোরলাইন আরও বড় হতে পারত, যদি না গোলবারের নিচে দৃঢ়ভাবে দাঁড়িয়ে একের পর এক সেভ করতেন মিলি। পুরো ম্যাচে অন্তত পাঁচটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন তিনি।

 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিলির পারফরম্যান্সের প্রশংসা করে কোচ বাটলার বলেন, ‘মিলি সত্যিকারের একজন ফাইটার। তার মধ্যে ব্যক্তিত্ব আছে।

তার জীবনের পটভূমি বিবেচনা করলে বোঝা যায়, সে কতটা দৃঢ় মানসিকতার। তার সঙ্গে কাজ করতে পারা সত্যিই আনন্দের।’

 

রুপনা চাকমা দীর্ঘদিন ধরে বাংলাদেশের এক নম্বর গোলকিপার হলেও এশিয়ান কাপের প্রথম দুই ম্যাচে দায়িত্ব দেওয়া হয়েছে মিলিকে। কোচ বাটলার মনে করেন, এই সুযোগ পাওয়ার যোগ্যতা মিলির ছিলই।

 

তিনি বলেন, ‘সে এই সুযোগ পাওয়ার যোগ্য। তাকে নিয়ে আমার শুধু প্রশংসাই আছে। অবশ্য মাঝে মাঝে তাকে বেশ কঠিন পরিস্থিতির মুখেও পড়তে হয়েছে।’

এশিয়ান কাপের মতো উচ্চমানের প্রতিযোগিতায় গোলকিপিং বিভাগ নিয়ে কিছুটা চ্যালেঞ্জের কথাও স্বীকার করেছেন বাটলার। তবে মিলির সম্ভাবনা নিয়ে আশাবাদী তিনি।

 

বাটলারের ভাষায়, ‘এই পর্যায়ের টুর্নামেন্টে আমাদের গোলকিপিং বিভাগ কিছুটা দুর্বলতা দেখিয়েছে। কিন্তু মিলির সামনে ভালো ভবিষ্যৎ রয়েছে। তাকে শুধু কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং সবসময় মাটিতে পা রেখে এগোতে হবে।’

টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ২-০ এবং দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারতে হয়েছে। দুই ম্যাচে মোট সাত গোল হজম করায় কোয়ার্টার ফাইনালে ওঠার পথ এখন কঠিন হয়ে গেছে।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৯ মার্চ পার্থে, প্রতিপক্ষ উজবেকিস্তান। সেই ম্যাচে জয় পেলে সেরা তৃতীয় দল হিসেবে শেষ আটে ওঠার সম্ভাবনা টিকে থাকতে পারে লাল-সবুজদের।


   আরও সংবাদ