ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চট্টগ্রামের ডিসিকে নোটিশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ মার্চ, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


চট্টগ্রামের ডিসিকে নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করার অভিযোগে চট্টগ্রামের জেলা প্রশাসককে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

মঙ্গলবার (১০ মার্চ) ডাকযোগে এ নোটিশটি পাঠানো হয়।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় শত শত অবৈধ ইটভাটা চলমান থাকায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে মর্মে মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হলে ২০২০ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দায়ের করে। ওই রিটের শুনানি শেষে আদালত একই বছরের ১৪ ডিসেম্বর রুল জারি করে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেন।

উক্ত নির্দেশনা অনুসারে সকল অবৈধ ইটভাটা বন্ধ না করার প্রেক্ষিতে একটি সম্পূরক আবেদন দাখিল করে ২০২১ সালে জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে এইচআরপিবি। ওই আদেশের পর প্রায় শতাধিক অবৈধ ইটভাটা ভেঙে আদালতে প্রতিবেদন দাখিল করে ২০২১ সালের ১৩ জুন তৎকালীন চট্টগ্রামের জেলা প্রশাসক আদালতে ক্ষমা প্রার্থনা করে অন্যান্য ইটভাটাগুলো বন্ধের প্রতিশ্রুতি দেন।

 

মনজিল মোরসেদ আরও জানান, আদালতের একাধিকবার নির্দেশনা থাকা সত্ত্বেও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় যে সকল ইটভাটা বন্ধ করা হয়েছিল সেগুলো বর্তমানে চালু রয়েছে মর্মে মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হয়। মিডিয়া থেকে জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ হতে আদালতের নির্দেশনাসমূহ পালন করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

গত ১৪ নভেম্বর একটি পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয় যে, লোহাগড়া উপজেলায় ৩৮ ইটভাটার মধ্যে ৩৭টির লাইসেন্স নেই। 

 

এছাড়াও সাতকানিয়া, রাউজান, ফটিকছড়ি, পটিয়া, আনোয়ারাসহ বিভিন্ন উপজেলায় শত শত ইটভাটা আদালতের নির্দেশ অমান্য করে চলমান রয়েছে। উক্ত রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে চট্টগ্রামের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে সকল ইটভাটা হাইকোর্টের নির্দেশ অনুসারে বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। 

নতুবা তার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে।

 


   আরও সংবাদ