ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জুমাতুল বিদায় মুসল্লির ঢল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ মার্চ, ২০২৬ ১৫:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


জুমাতুল বিদায় মুসল্লির ঢল

ঢাকাসহ দেশের হাজারো মসজিদে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারের জুমার নামাজ (জুমাতুল বিদা) আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়েছে।

 

শুক্রবার (২০ মার্চ) রাজধানীসহ সারা দেশে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে জুমা আদায় করেন মুসল্লিরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

 

বিশেষ করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে নামে ধর্মপ্রাণ মানুষের ঢল ।

জুমার নামাজের আগে খুতবায় জাতীয় মসজিদের প্রধান খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, রমজানের শেষ সময় আত্মশুদ্ধি, তওবা এবং আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময় বেশি বেশি ইবাদত, কুরআন তিলাওয়াত ও দান-সদকায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

 

খুতবায় আরও বলা হয়, ‘জুমাতুল বিদা’ রমজানের বিদায়ী বার্তা বহন করে। এটি আলাদা কোনো ফরজ ইবাদত না হলেও রমজানের শেষ দশকের বরকতের কারণে এর গুরুত্ব অনেক বেশি।

 

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মুসল্লিরা গুনাহ মাফ, রোগমুক্তি এবং দেশের কল্যাণ কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

 

ইসলামি বর্ণনা অনুযায়ী, রমজানের শেষ দশক বিশেষ মর্যাদাপূর্ণ। এ সময়েই রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম বলে কুরআনে উল্লেখ আছে। ফলে জুমাতুল বিদা মুসলমানদের জন্য আত্মসমালোচনা ও নতুন করে নিজেকে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হয়।

 

ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, রমজানের বিদায়ী এই সময়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে সৎ পথে চলার অঙ্গীকারই হওয়া উচিত সবার প্রধান লক্ষ্য।


   আরও সংবাদ