ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঈদের ছুটিতে তেল সংকট

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬ ১৩:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


ঈদের ছুটিতে তেল সংকট

 

ঈদের ছুটিতে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশন অনেকটাই অচল হয়ে পড়েছে। মজুত তেল শেষ হয়ে যাওয়ায় অনেক পাম্প বন্ধ রয়েছে, আর খোলা পাম্পগুলোর সামনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেককে ফিরতে হয়েছে খালি হাতে।

 

সোমবার (২৩ মার্চ) রাজধানীর মিরপুর, বিজয় সরণি ও শাহবাগ এলাকার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

 

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটিতে নতুন করে তেল সংগ্রহ করতে না পারায় এই সংকট তৈরি হয়েছে।

বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল বিক্রি বন্ধ রয়েছে। সেখানে গাড়ির লাইন সেনানিবাসের জাহাঙ্গীর গেট ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। মোটরসাইকেলের সারিও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেট পর্যন্ত পৌঁছেছে।

 

 

তেল নিতে আসা আনিসুল ইসলাম বলেন, সকাল থেকে অপেক্ষা করছি। বলা হচ্ছে দুপুরের পর তেল দেওয়া হবে। কখন পাবো, সেটাও নিশ্চিত না, তবুও দাঁড়িয়ে আছি।

 

পাম্প কর্তৃপক্ষ জানায়, ঈদের আগে আনা তেল শেষ হয়ে যাওয়ায় স্টেশন বন্ধ রাখতে হয়েছে।

 

 

নতুন করে তেল আনতে গাড়ি ডিপোতে পাঠানো হয়েছে, তেল এলেই বিক্রি শুরু করা হবে।

মিরপুর-১৪ নম্বরের দিগন্ত ফিলিং স্টেশন ও শেওড়াপাড়ার সোবহান ফিলিং স্টেশন ঈদের দিন থেকেই বন্ধ রয়েছে। গেটের সামনে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। আশপাশের আরও কয়েকটি স্টেশনেও একই অবস্থা দেখা গেছে।

 

দিগন্ত ফিলিং স্টেশনের এক কর্মচারী জানান, দৈনিক প্রায় ৪০ হাজার লিটার তেলের চাহিদা থাকলেও ডিপো থেকে অর্ধেক সরবরাহ পাওয়া যায়।

 

 

সেই তেল দিয়ে ঈদের আগ পর্যন্ত চললেও ছুটিতে নতুন তেল না পাওয়ায় স্টেশন বন্ধ রাখতে হয়েছে।

অন্যদিকে, শাহবাগে সকাল থেকেই তেল বিক্রি চালু রেখেছে মেঘনা মডেল সার্ভিস সেন্টার ফিলিং স্টেশন। সেখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড (পিজি) হাসপাতাল পর্যন্ত দীর্ঘ লাইন দেখা গেছে।

পাম্পটির এক কর্মকর্তা জানান, তাদের কাছে পর্যাপ্ত তেল মজুত থাকায় সকাল থেকে নিয়মিত সরবরাহ করা হচ্ছে এবং সন্ধ্যা পর্যন্ত তেল দেওয়া সম্ভব হবে।

 

ঈদের ছুটিতে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। দীর্ঘ লাইন, সীমিত সরবরাহ এবং অনিশ্চয়তার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।


   আরও সংবাদ