ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পাহাড়িদের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬ ০৯:৫৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


পাহাড়িদের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি দেশবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান।

 

শনিবার (১১ এপ্রিল) এক বাণীতে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তিকে ঘিরে পার্বত্য এলাকায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বিষু, বৈসু, চাংক্রান ও চাংলান।

এসব উৎসব উপলক্ষে বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রত্যেক সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় কিংবা সমতলে বসবাসকারী সবার ধর্মীয় ও সামাজিক উৎসব আমাদের জাতীয় উৎসবেরই অংশ।

পাহাড়ি অঞ্চলের বিভিন্ন নৃ-গোষ্ঠীর ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ও ইতিহাস বাংলাদেশের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের ঐতিহ্যকে গৌরবময় ও বৈচিত্র্যপূর্ণ করেছে। মানুষে-মানুষে সম্প্রীতি ও মিলনের অমিয় বাণী মিশে আছে আমাদের লোকজ ঐতিহ্যে।

 

প্রধানমন্ত্রী তার বাণীতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সারা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত। আমাদের দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ সব নাগরিকের সমান অগ্রগতি, বিকাশ, নিরাপত্তা ও সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী একজন বাংলাদেশি হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান।

বিজু, সাংগ্রাইসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এসব উৎসব এবং বাংলা নববর্ষ সকলের জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


   আরও সংবাদ