ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬ ১৬:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ৮ বার
নরসিংদীতে স্কুল পরিদর্শনে গিয়ে মিড ডে মিলের খাবারে গন্ধ পেলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ঘটনায় তিনি ঠিকাদারকে হুঁশিয়ারি দিয়ে স্যাম্পল পাঠালেন ল্যাবে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রথমে তিনি নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এসময় তিনি বিদ্যালয়ের মিড ডে মিলের খাবারের মান পর্যবেক্ষণ ও শ্রেনিকক্ষে শিশুদের পড়ালেখার অবস্থা ঘুরে দেখেন।
তিনি মিড-ডে মিলের খাবারের মান নিয়ে ঠিকাদারের সাথে অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি খাবারের মানের উন্নতি না হলে কার্যাদেশ বাতিলেরও হুশিয়ারি দেন।
শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বনরুটিতে গন্ধ সন্দেহজনক হওয়ায় দুইটি স্যাম্পল ঢাকার ল্যাবে টেস্টের জন্য নিয়ে যায়।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, আজকে বিদ্যালয়ে সাপ্লাইয়ারদের দেয়া মিড-ডে মিলের খাবার পর্যবেক্ষণ করেছি, খাবারে কিছু ত্রুটি পেয়েছি।
শিশুদের দেয়া মিড-ডে মিলে যাতে কোনও ত্রুটি না থাকে এবং শিশুরা যাতে খাবারের প্রতি আকৃষ্ট হয়ে বিদ্যালয়ে নিয়মিত আসে, সে জন্যই আমরা সারা দেশে পর্যবেক্ষণ শুরু করেছি।
তিনি আরও বলেন, শিশুদের লেখাপড়া ঠিক মতো হচ্ছে কিনা তা ঘুরে দেখেছি। ইতিমধ্যে মিড-ডে মিলের খাবারের মান নিয়ে যতগুলো অভিযোগ পেয়েছি, তা আমি নিজে পরিদর্শন করতেছি। এটা নিয়ে ক্যাবিনেট চিন্তিত, আমরা শক্তভাবে মনিটরিং করছি। প্রয়োজনে পুরো স্ট্রাকচার আমরা পরিবর্তন করে দিবো। আমরা অভিজ্ঞদের সাথে পরামর্শ করে খাবার যেন নষ্ট না হয় সে জন্য এর ধরণ পরিবর্তনের চেষ্টা করছি।
শিক্ষা কারিকুলামে ভেদাভেদ নিরসনে প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুসারে সমান্তরাল কারিকুলাম নিয়ে বর্তমান সরকার কাজ চলছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিক হিসেবে বিবেচিত ইংলিশ অথবা আইভি মিডিয়ামের সাথে তাল মিলিয়ে প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলাম পরিকল্পনা করা হচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই এই কারিকুলাম বাস্তবায়নের কথা জানান প্রতিমন্ত্রী।
এসময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুহাম্মদ রাসেদুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নদী বাংলা গ্রুপের পরিচালক মাহবুবুর রহমান মনির এর সভাপতিত্বে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে ৭১ এর মহান স্বাধীনতা ও ২৪ এর জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় এক সুরে বাংলাদেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।