ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ মে, ২০২৬ ২০:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭ বার
চট্টগ্রাম: নগরের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মনির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (২২ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে নগরের বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গোডাউন কক্ষ থেকে অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে নগরের বাকলিয়া এলাকার মিয়াখান নগরে বসবাস করছিলেন।
এদিকে অভিযুক্ত মনিরকে থানায় নেওয়ার প্রস্তুতির সময় একদল বিক্ষুব্ধ ব্যক্তি পুলিশের কাজে বাধা দেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
এতে কয়েকজন সাংবাদিক ও পুলিশ সদস্য আহত হন। পাশাপাশি পুলিশবাহী কয়েকটি পিকআপ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
পুলিশ পাঁচ ঘণ্টা অবরুদ্ধ এবং সড়কও অবরুদ্ধ ছিল। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয় বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বাংলানিউজকে বলেন, চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে তিনি ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশবাহী কয়েকটি পিকআপ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা করা হবে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।