স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ মে, ২০২৬ ১৭:৪৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে এই গুরুত্বপূর্ণ লড়াই শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে দলে যোগ দিয়েছেন ভিডিও অ্যানালিস্ট মেহেদী হাসান সিদ্দিকী।
ভিসা জটিলতার কারণে এতদিন তিনি ঢাকায় আটকে ছিলেন। আজ সকালে তিনি গোয়ায় দলের সঙ্গে যোগ দেওয়ায় বাংলাদেশ শিবিরের একটি বড় শূন্যতা পূরণ হলো।
আধুনিক ফুটবলে একজন ভিডিও অ্যানালিস্টের ভূমিকা অনেক। গ্যালারিতে বসে ম্যাচের ভিডিও ধারণ করা, প্রতিপক্ষের কৌশল বুঝতে পারা এবং নিজেদের ভুলত্রুটিগুলো কোচের সামনে তুলে ধরার কাজটা মূলত তিনিই করেন।
অবাক করার বিষয় হলো, এমন একজন গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়াই বাংলাদেশ দল ভারতে এসে পুরো প্রস্তুতি ক্যাম্প পার করেছে।
আরও আশ্চর্যের বিষয় হলো, দেশ ছাড়ার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দলের যে আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেছিল, সেখানে মেহেদীর নামই ছিল না।
একদম শেষ মুহূর্তে, ম্যাচের ঠিক আগের দিন তড়িঘড়ি করে তাকে দলের সাথে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দুই দিন আগে ভারতীয় ভিসা পাওয়ার পর আজ সকালে গোয়ায় নেমেই সরাসরি কাজের মধ্যে ঢুকে পড়তে হয়েছে তাকে।
দলের টিম হোটেলে পৌঁছে মেহেদী হাসান সিদ্দিকী জানান, ভিসা পেতে দেরি হওয়ার কারণেই তার আসতে বিলম্ব হয়েছে। তবে আজ ম্যাচের আগেই ফুটবলারদের নিয়ে একটি ভিডিও সেশন হবে, যেখানে প্রতিপক্ষের শক্তির জায়গা এবং দুর্বলতাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
ঢাকায় আটকে থাকলেও অবশ্য বসে ছিলেন না মেহেদী। দূর থেকেই কোচের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নিজের কাজ চালিয়ে গেছেন। ইন্টারনেটের সাহায্যে ইউটিউবে মালদ্বীপ ও ভারতের ম্যাচটি দেখে তার বিশ্লেষণ কোচের কাছে পাঠিয়েছেন। পাশাপাশি স্বাগতিক ভারত আগের ম্যাচগুলোতে কেমন কৌশল নিয়ে খেলেছে, সেই তথ্যও তিনি কোচকে সরবরাহ করেছেন। আগামী ৩১ মে শক্তিশালী ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচের কৌশল সাজাতেও তার এই বিশ্লেষণগুলো দারুণ কাজে লাগবে।
দেরিতে হলেও মেহেদী দলের সঙ্গে যোগ দেওয়ায় কোচ পিটার বাটলারের দুশ্চিন্তা কিছুটা কমেছে। তবে বড় একটি টুর্নামেন্টের আগে দলের এমন গুরুত্বপূর্ণ একজনকে নিয়ে এই ধরনের সমন্বয়হীনতা বাফুফের পেশাদারিত্ব নিয়ে আবারো প্রশ্নের জন্ম দিয়েছে।