আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ জুন, ২০২৬ ১৫:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগর এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আগুনের মধ্যে ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান চালিয়ে আরও ৪৭ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (৩ জুন) সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে পাঁচতলা বিশিষ্ট ‘মিকাসা ইন’ হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির হাউজ খাস এলাকার হাউজ রানি অঞ্চলের একটি সরু গলিতে অবস্থিত ২৫ কক্ষের এই হোটেলে অগ্নিকাণ্ডের সময় ৪০ জনের বেশি মানুষ অবস্থান করছিলেন। তাদের মধ্যে অধিকাংশই বিদেশি নাগরিক ছিলেন, যারা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় বেশিরভাগ অতিথি নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
অভিযানে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার এবং কুইক রেসপন্স টিম অংশ নেয়।
হোটেলের রেস্তোরাঁর প্রধান শেফ কেসর সিং জানান, সকাল ৮টার দিকে তিনি রান্নাঘরের একটি বৈদ্যুতিক চুলা চালু করার চেষ্টা করলে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়ে। তিনি ও তার সহকারী দ্রুত ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও মুহূর্তের মধ্যেই আগুন পুরো হোটেলকে গ্রাস করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, প্রাণ বাঁচাতে কিছু মানুষ জ্বলন্ত ভবনের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ছেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি