ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিশ্বকাপে নিষিদ্ধ ১৩ হাজার আর্জেন্টিনা সমর্থক!

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৫ জুন, ২০২৬ ০৯:২৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


বিশ্বকাপে নিষিদ্ধ ১৩ হাজার আর্জেন্টিনা সমর্থক!

সন্তানদের মৌলিক চাহিদা ও নিয়মিত ভরণপোষণ (চাইল্ড সাপোর্ট) না দিয়ে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল দেখতে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না আর্জেন্টিনার হাজার হাজার অভিভাবক। 

এমন প্রায় ১৩ হাজার খেলাপি অভিভাবকের একটি তালিকা মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করেছে আর্জেন্টিনা সরকার।

লক্ষ্য একটাই, যাতে এই ব্যক্তিরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে প্রবেশ করে বিশ্বকাপ ম্যাচ উপভোগ করতে না পারেন।

 

এ বিষয়ে বুয়েনস আইরেসের মেয়র অত্যন্ত কড়া ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

তিনি বলেন, 'যারা নিজেদের সন্তানদের দায়িত্ব নিতে পারে না, তাদের স্টেডিয়ামে ঢোকার কোনো অধিকার নেই।'

 

মূলত আর্জেন্টিনা সরকারের ‘সেফ স্ট্যান্ডস’ নামক একটি জাতীয় কর্মসূচির আওতায় এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো যারা সন্তানদের মৌলিক চাহিদা মেটাতে অবহেলা করেন, অথচ ফুটবল ম্যাচ দেখার পেছনে টাকা ও সময় খরচ করেন, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা। 

 

সম্প্রতি দেশটির নিরাপত্তা মন্ত্রী আলেহান্দ্রা মন্তেওলিভা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে সাফ জানিয়ে দিয়েছেন, 'যারা সন্তানদের ভরণপোষণ দেয় না, স্টেডিয়াম থেকে তাদের ছুটি।

'

 

আর্জেন্টাইন আদালতের রায়ে যারা ইতিপূর্বে চাইল্ড সাপোর্ট দিতে ব্যর্থ বা খেলাপি হিসেবে প্রমাণিত হয়েছেন, তাদের নামই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এই খেলাপি অভিভাবকদের খুঁজে বের করার তৎপরতা আরও জোরদার করেছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় এবার মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে এই তালিকা শেয়ার করা হয়েছে, যাতে কোনো ঋণখেলাপি অভিভাবক ফাঁকি দিয়ে স্টেডিয়ামে ঢুকতে না পারেন।

সরকারের এই সময়োপযোগী ও নজিরবিহীন সিদ্ধান্ত আর্জেন্টিনার সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে নারীদের মাঝে ব্যাপক প্রশংসিত ও সমর্থিত হয়েছে। বিগত বছরগুলোতে অনেক মা-ই সন্তানদের প্রাপ্য অধিকার আদায়ে আইনি লড়াই চালিয়ে আসছিলেন। ফলে সরকারের পক্ষ থেকে বার্তাটি এখন একদম স্পষ্ট; মৌলিক পারিবারিক দায়িত্ব পালন না করলে, বিশ্বকাপের গ্যালারিতে তাদের কোনো জায়গা হবে না।


   আরও সংবাদ