স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুন, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২ বার
২০২৬ বিশ্বকাপকে ‘অঘটনের বিশ্বকাপ’ বললে মোটেও ভুল হবে না। কারণ, আসরের শুরু থেকেই কোনো হেভিওয়েট দলই জয়ের দেখা পায়নি।
ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
ব্রাজিল ড্র করেছে মরক্কোর সঙ্গে।
নেদারল্যান্ডসকে রুখে দিয়েছে জাপান। অন্যদিকে, স্পেনের মতো শক্তিশালী দলকে গোল শূন্য ম্যাচ শেষ করতে বাধ্য করেছে কেপ ভার্দে।
যে কারণে আজ রাতের দ্বিতীয় ম্যাচে বেলজিয়াম না মিশর জিতবে তা ধারণা করা ছিল কঠিন বিষয়।
তবে, ফুটবল বিশ্লেষকদের ধারণা ছিল, বেলজিয়াম-মিসর ম্যাচে বেলজিয়ামের জয়ের সম্ভাবনাই ছিল বেশি।
কারণ, দলভিত্তিক তুলনাতত্ত্বে বিশ্ব র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বেলজিয়াম চমৎকার ফর্মে রয়েছে। দলে রয়েছেন কেভিন ডি ব্রুইন, জেরেমি ডোকু এবং রোমেলু লুকাকুর মতো দুর্দান্ত সব তারকা।
এসব বিশ্লেষণকে পাশ কাটিয়ে ম্যাচে এগিয়ে যায় মিশর। ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে ইমান আশুরের গোলে প্রথমার্ধ শেষে ফলাফল দাঁড়ায় মিসর ১–০ বেলজিয়াম। আন্তর্জাতিক ফুটবলে এটা ইমান আশুরের প্রথম গোল।
খেলার দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ফ্রি কিক থেকে বল মিসরের পোস্টে মারেন বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনা। অন্যদিকে, মাঠে নেমেই বেলজিয়ামের সমতাসূচক গোলের উপলক্ষ হন রোমেলু লুকাকু। ম্যাচের ৬৬ মিনিটে লুকাকুকে ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান মিসরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানি।
এরপর দুই দল প্রাণপণ লড়াই করেছে ম্যাচ বের করার। কিন্তু দ্বিতীয় গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে, শেষ পর্যন্ত খেলার ফলাফল দাঁড়ায় মিসর ১–১ বেলজিয়াম।