ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সেরা অলরাউন্ডার গ্যারি সোবার্স আর নেই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬ ০৭:০৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪ বার


সেরা অলরাউন্ডার গ্যারি সোবার্স আর নেই

 

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গারফিল্ড (গ্যারি) সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার।

 

তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া।

১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন সোবার্স।

 

ব্যাট হাতে করেছেন ৮ হাজার ৩২ রান, পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৩৫ উইকেট। পেস ও স্পিন-দুই ধরনের বোলিংয়েই সমান দক্ষতা দেখিয়ে নিজেকে ক্রিকেট ইতিহাসের অন্যতম পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি।

 

১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে কিংস্টনে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস খেলেন সোবার্স। দীর্ঘ ৩৬ বছর টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের বিশ্বরেকর্ড হিসেবে অক্ষুণ্ন ছিল সেই ইনিংস।

 

 

আজও ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় কীর্তি হিসেবে বিবেচিত হয় তাঁর সেই রেকর্ডগড়া ইনিংস।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও দাপটের সঙ্গে খেলেছেন সোবার্স। নটিংহ্যামশায়ারের হয়ে ১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারের ছয়টি বলই ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে এই অনন্য কীর্তি গড়ে ক্রিকেট বিশ্বে নতুন এক মাইলফলক স্থাপন করেন সোবার্স।

 

ক্রিকেটে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে ব্রিটিশ রাজপরিবারের কাছ থেকে ‘নাইট’ উপাধি পান তিনি। পাশাপাশি প্রভাবশালী ক্রিকেট সাময়িকী উইজডেন তাকে বিংশ শতাব্দীর পাঁচ সেরা ক্রিকেটারের একজন হিসেবে স্বীকৃতি দেয়।

 

সোবার্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তার সাবেক কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ারও শোক জানিয়েছে। এক বিবৃতিতে ক্লাবটি সোবার্সকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন এবং তাদের ইতিহাসের অন্যতম প্রতীকী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছে।


   আরও সংবাদ