ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৩০ বলে সেঞ্চুরিতে রেকর্ডবুকে অভিষেক

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬ বার


৩০ বলে সেঞ্চুরিতে রেকর্ডবুকে অভিষেক

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ড গড়েছেন বাঁহাতি এই ব্যাটার।

 

ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ইনিংসের শুরু করেন অভিষেক। এরপর আফগান বোলারদের ওপর একের পর এক চার-ছক্কার বৃষ্টি ঝরান তিনি।

মাত্র ৩০ বলেই তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি।

 

এর আগে টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের।

চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে শতক করেছিলেন তিনি। একই গতিতে ৩৩ বলে সেঞ্চুরি রয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজারও।

তবে সেই ইনিংসটি তিনি খেলেছিলেন গাম্বিয়ার বিপক্ষে। গাম্বিয়া আইসিসির পূর্ণ সদস্য দেশ নয়।

 

সব দেশকে হিসাবের মধ্যে ধরলে অভিষেকের ৩০ বলে সেঞ্চুরি বিশ্বে তৃতীয় দ্রুততম। এই তালিকার শীর্ষে আছেন এস্তোনিয়ার সাহিল চৌহান। সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে শতক করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা তুরস্কের মুহাম্মদ ফাহাদ বুলগেরিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।

তবে সেঞ্চুরি করার পর ইনিংসটাকে খুব বেশি দূর এগিয়ে নিতে পারেননি অভিষেক। শতক পূর্ণ করার পর আর মাত্র চার বল খেলেছেন তিনি। শেষ পর্যন্ত ৩৪ বলে ১০৮ রান করে আউট হন ভারতীয় ওপেনার। তার বিস্ফোরক ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কা।

অভিষেকের সেঞ্চুরির উপর ভর করে আফগানদের ২২২ রানের লক্ষ্য দিয়েছে ভারত।


   আরও সংবাদ