ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ‘বাংলাদেশের’ কাভান

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার


যুক্তরাষ্ট্র জাতীয় দলে ‘বাংলাদেশের’ কাভান

বয়স মাত্র ১৬, এর মধ্যেই গায়ে জড়াতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী জাতীয় দলের জার্সি! বলছিলাম আমেরিকান ফুটবলের নতুন সেনসেশন কাভান সুলিভানের কথা। আসন্ন সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোর জন্য বৃহস্পতিবার কোচ মরিসিও পচেত্তিনোর ঘোষিত স্কোয়াডে জায়গা করে নিয়ে রীতিমতো চমক সৃষ্টি করেছেন এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার।

 

তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য কাভান সুলিভানের এই অর্জনের সঙ্গে মিশে আছে বাড়তি এক রোমাঞ্চ। কারণ, যুক্তরাষ্ট্রের এই বিস্ময় বালকের রয়েছে বাংলাদেশি শেকড়! তার নানি সুলতানা আলমের বাড়ি ছিল ঢাকার বুকেই।

শুধু তাই নয়, কাভানের দুই বড় জমজ ভাই রোনান ও ডেক্লান লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে এরই মধ্যে খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলে।

 

পচেত্তিনোর এবারের স্কোয়াডটি মূলত তারুণ্যনির্ভর।

সামনে থাকা চারটি প্রীতি ম্যাচের জন্য সুলিভানের মতো আরও ১৩ জন (অভিষেকের অপেক্ষায় থাকা) তরুণকে প্রথমবারের মতো ডেকেছেন তিনি। এই ম্যাচগুলোতে মাঠে নামার সুযোগ পেলে কাভান গড়বেন নতুন এক কীর্তি; যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে চতুর্থ কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হবে তার।

 

ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলা কাভানের প্রতিভা বিশ্ববাসীর নজরে আসে আরও আগেই। মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে পা রাখা এই তারকা ২০২৬ বিশ্বকাপ শেষে এমএলএস (মেজর লিগ সকার) পুনরায় শুরু হওয়ার পর থেকেই মাঠে ছড়াচ্ছেন দ্যুতি। আগামী ২৮ সেপ্টেম্বর ১৭তম জন্মদিনের কেক কাটবেন তিনি। আর বয়স ১৮ ছুঁলেই ফিলাডেলফিয়া ছেড়ে পাড়ি জমাবেন ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তি ম্যানচেস্টার সিটিতে!

নতুনদের পরখ করে দেখার এই উইন্ডোতে ক্রিস্টিয়ান পুলিসিচ, ওয়েস্টন ম্যাককিনি ও ফোলারিন বালোগানের মতো অভিজ্ঞ ও বড় তারকাদের বিশ্রামে রেখেছেন পচেত্তিনো। তরুণদের মধ্যে কাভানের পাশাপাশি সুযোগ পেয়েছেন জ্যাভিয়ার গোজো, পেইটন মিলার, জুলিয়ান হল ও আদ্রি মেহমেতির মতো প্রতিশ্রুতিশীল ফুটবলাররা। তবে প্রথম ক্যাম্পেই কাভান একা নন, ফিলাডেলফিয়ায় তার দুই সতীর্থ নিল পিয়েরে ও ফ্র্যাঙ্কি ওয়েস্টফিল্ডও প্রথমবারের মতো জাতীয় দলের ড্রেসিংরুম শেয়ার করবেন।

দীর্ঘ এই আন্তর্জাতিক উইন্ডোতে যুক্তরাষ্ট্র মাঠে নামবে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে। সদ্য শেষ হওয়া (জুন-জুলাই) বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক ছিল যুক্তরাষ্ট্র, যাদের সঙ্গী ছিল মেক্সিকো ও কানাডাও। এবার সেই চেনা প্রতিপক্ষদের বিপক্ষেই বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণের অপেক্ষায় ঢাকার শেকড় থাকা এই ১৬ বছরের তরুণ।


   আরও সংবাদ