স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬ ১৪:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৩১ বার
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে চালকের আসনে বাংলাদেশ। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের অবিচ্ছিন্ন ১১৪ রানের জুটিতে দ্বিতীয় ইনিংসে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে টাইগাররা।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেটে ৩৩৭ রান তুলেছে বাংলাদেশ। তাতে সব মিলিয়ে লিড দাঁড়িয়েছে ৪৪৩ রানে।
দিনের শুরুতে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের দিন ৫ রানে অপরাজিত থাকা লিটন দাস শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেন।
তুলে নেন টানা দ্বিতীয় অর্ধশতক। অন্য প্রান্তে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
সেঞ্চুরির অপেক্ষায় থাকা লিটন ছুঁয়েছেন একটি মাইলফলক। টেস্টটি খেলতে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের রান ছিল ৮ হাজার ৯২৯।
প্রথম ইনিংসে ৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে মাইলফলক থেকে ১৮ রান দূরে ছিলেন তিনি। আগের দিন ৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনে ব্যাট করতে নামেন লিটন। দিনের শুরুতেই জিয়া উর রহমানের করা ৭৬তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ৯ হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে লিটন ৯৬ বলে ৮১ রান করে অপরাজিত আছেন। তার ইনিংসে রয়েছে ১১টি চার। মিরাজের ব্যাট থেকে এসেছে ৭৪ বলে অপরাজিত ৩৮ রান।
এর আগে তৃতীয় দিনের শেষ দিকে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ফিরতে হয় নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমকে। শান্ত ৮২ এবং মুশফিক ৮১ রান করে আউট হন।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান। এতে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সেই লিড এখন বেড়ে হয়েছে ৪৪৩ রান। হাতে রয়েছে আরও চার উইকেট।