ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬ ১৭:১৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার
নিজস্ব প্রতিবেদক।
অগ্রণী ব্যাংক অফিসার সমিতি, বাংলাদেশ-এর নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে আয়োজনের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করে একটি আবেদনপত্রে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, অগ্রণী ব্যাংক অফিসার সমিতি একটি ঐতিহ্যবাহী গণতান্ত্রিক সংগঠন, যা ১৯৭২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নির্বাচনের মাধ্যমে কর্মকর্তাদের প্রতিনিধি নির্বাচন করে আসছিল। প্রতি দুই বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০১৯ সালের পর থেকে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে আবেদনপত্রে দাবি করা হয়।
এতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে নির্বাচিত প্রতিনিধি না থাকায় সাধারণ কর্মকর্তাদের ন্যায্য দাবি-দাওয়া ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করা কঠিন হয়ে পড়েছে। ফলে কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা সমাধান, অধিকার প্রতিষ্ঠা এবং যৌক্তিক দাবি বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এর ফলে সাধারণ কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হওয়ার আশঙ্কাও তুলে ধরা হয়।
আবেদনপত্রে বলা হয়, অগ্রণী ব্যাংক অফিসার সমিতি সাধারণ কর্মকর্তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংগঠন হওয়ায় এটি কর্মকর্তাদের স্বার্থ ও অধিকার প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কর্মকর্তাদের দাবি-দাওয়া কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হলে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, সমস্যা সমাধান এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব হবে।
এমতাবস্থায়, অগ্রণী ব্যাংক পিএলসির সাধারণ কর্মকর্তাদের স্বার্থ সংরক্ষণ, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা এবং সংগঠনটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক অফিসার সমিতি, বাংলাদেশ-এর নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।