আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার
বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তার দলের অগ্রাধিকার। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বাংলাদেশে সবাই সমান নাগরিক-এ দেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাদের সঙ্গে সম্পর্ক আমাদের অগ্রাধিকার।
সংখ্যালঘু ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে-যা নিয়ে নয়াদিল্লির উদ্বেগ রয়েছে-শফিকুর রহমান বলেন, আমরা এ দেশের প্রথম শ্রেণির নাগরিক। আমরা কখনো সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠের ধারণাকে সমর্থন করি না। এটি কেবল বিশ্বাসের ভিত্তিতে তৈরি একটি বিভাজন, যা আমরা স্বীকার করি না।
ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তার কোনো দ্বিধা বা সংকোচ নেই।
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি পরিষ্কার হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় ১৮ মাস পর। গত বছর ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ১৫ বছরের সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
এবারের নির্বাচনে অন্যতম প্রধান শক্তি হিসেবে অংশ নিচ্ছে ইসলামপন্থী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জামায়াত ও তাদের সাবেক মিত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মধ্যে জামায়াত জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দলকে নিয়ে জোট গঠন করে নির্বাচনে অংশ নিচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং দলটিকে নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করেন।
নির্বাচনকে ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রক্রিয়াগত ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।