ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গাজা নিয়ে নীরব থাকবে না যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার


গাজা নিয়ে নীরব থাকবে না যুক্তরাজ্য

গাজায় ভয়াবহ মানবিক সংকট আরও বাড়তে থাকলেও যুক্তরাজ্য নীরব দর্শকের ভূমিকা পালন করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং ইসরায়েল-ফিলিস্তিন সংকটের সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক ব্যবস্থা বাস্তবায়নের আহ্বান জানান।

 

জাতিসংঘের মঞ্চে বার্নহাম বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মানুষ যেন পাশাপাশি শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, সেই লক্ষ্য অর্জনে যুক্তরাজ্য সব ধরনের চেষ্টা চালাবে।

ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাজ্যের সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, ইরানসহ বিভিন্ন দিক থেকে ইসরায়েল যে হুমকির মুখে রয়েছে, তা অস্বীকার করা যায় না।

তবে এই হুমকি গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল সরকারের কর্মকাণ্ডকে বৈধতা দেয় না।

 

বার্নহাম বলেন, গাজায় মানুষের ভয়াবহ দুর্ভোগ ক্রমেই বাড়ছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য চুপ করে থাকবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, শান্তি ও স্থিতিশীলতার সবচেয়ে বড় সম্ভাবনা হিসেবে বিবেচিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানও এখন হুমকির মুখে পড়েছে।

 

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিশেষ করে জেরুজালেমের কাছে প্রস্তাবিত ই-১ বসতি প্রকল্প দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও সংকুচিত করতে পারে বলে তিনি সতর্ক করেন।

এর আগে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি জানিয়েছে, বসতি সম্প্রসারণ ঠেকানো এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ধরে রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

বার্নহাম বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শুধু বক্তব্য যথেষ্ট নয়, কার্যকর পদক্ষেপও প্রয়োজন। সেই লক্ষ্যেই যুক্তরাজ্য কাজ করে যাবে।

সূত্র: আল জাজিরা।


   আরও সংবাদ