ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তুরস্কে বন্দুকধারীর গুলিতে আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


তুরস্কে বন্দুকধারীর গুলিতে আহত ১১

তুরস্কের মানিসা প্রদেশে ‘ইনচি উজমেজ ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল আনাতোলিয়ান হাই স্কুল’-এর বাইরে স্থানীয় সময় মঙ্গলবার সকালে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

এ ঘটনায় জড়িত সন্দেহে ওই স্কুলেরই ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক কিশোরের পাশাপাশি তার বাবা, মা এবং দাদাকেও হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী আকিন গুরলেক।

 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন কিশোরটি নির্জন রাস্তায় শটগান পরীক্ষা করছে এবং পরবর্তী দৃশ্যেই হাতে অস্ত্র নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে। তবে হামলার মূল কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

 

ঘটনাটির সঠিক কারণ উদঘাটন এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি জাতীয় তদন্তকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর পূর্বে ওই কিশোরকে আদালতে হাজির করা হবে।

 

এ নিয়ে চলতি বছরে তুরস্কে এটি তৃতীয় স্কুলে গোলাগুলির ঘটনা, যা পুরো দেশের শিক্ষাঙ্গনে চরম শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। এর আগে গত এপ্রিলে কাহরামানমারাশের একটি স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোরের হামলায় শিক্ষকসহ ৯ শিশু শিক্ষার্থী নিহত হয়েছিল।

পর পর এমন প্রাণঘাতী সহিংসতার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হলে সরকার ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলগুলোতে নিরাপত্তা জোরদার এবং অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার নীতি গ্রহণ করে। 


   আরও সংবাদ