স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬ ১৬:৫৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হলো। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি।
আর অভিষেক ম্যাচেই প্রযুক্তির সুবিধা পেল ভুটান। শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনালে ভিএআরের হস্তক্ষেপে রেফারির দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বদলে যায় ভুটানের পক্ষে।
প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থাকা ভুটান বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ম্যাচের ৪৮তম মিনিটে অভিজ্ঞ ফরোয়ার্ড চেঞ্চো জিয়েলশেনের দারুণ এক সাইডভলিতে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান কিনজ্যাং তাশি তোবডেন।
কিন্তু গোল উদ্যাপনের আগেই অফসাইডের পতাকা তোলেন সহকারী রেফারি। থেমে যায় ভুটানের আনন্দ।
তবে সাফের ইতিহাসে প্রথমবার গোলের সিদ্ধান্ত পর্যালোচনায় ব্যবহার করা হয় ভিএআর। থাইল্যান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে রিপ্লে দেখে নিশ্চিত হওয়া যায়, চেঞ্চোর পাসের সময় সামান্য ব্যবধানে অনসাইডে ছিলেন কিনজ্যাং। ফলে অফসাইডের সিদ্ধান্ত বাতিল করেন রেফারি। গোল পেয়ে ব্যবধান কমায় ভুটান (২-১)।
ভিএআরের হস্তক্ষেপে ভুটানের পক্ষে সিদ্ধান্ত আসে দ্বিতীয়বারও। ম্যাচের ৬৪তম মিনিটে ভুটানের এক খেলোয়াড়ের হাতে বল লাগার অভিযোগে ভারতের পক্ষে পেনাল্টি দেন রেফারি। তবে ভিডিও পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলান তিনি। বাতিল হয়ে যায় ভারতের পেনাল্টি পাওয়ার সিদ্ধান্ত।
এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে ভুটানকে চাপে রাখে ভারত। নবম মিনিটে লম্বা পাস ধরে বক্সের বাঁ প্রান্ত দিয়ে ঢুকে ভুটানের নিমা ওয়াংদিকে দৃষ্টিনন্দন নাটমেগে পরাস্ত করে দলকে এগিয়ে দেন বিষ্ণু পুথিয়া ভালাপ্পিল।
২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। মাংলেনথাং কিপগেনের কর্নার থেকে আসা বল ভুটানের রক্ষণভাগ বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফিরতি বলে জোরালো শটে জাল খুঁজে নেন ভারতীয় অধিনায়ক চিংলেনসানা সিং।
দ্বিতীয়ার্ধে ভিএআরের সহায়তায় গোল পাওয়ার পর আক্রমণে আরও মরিয়া হয়ে ওঠে ভুটান। চেঞ্চোদের একের পর এক আক্রমণে চাপে পড়ে ভারতীয় রক্ষণ। ৫৩তম মিনিটে সমতায় ফেরার সুযোগও পেয়েছিল ভুটান। তবে ঘুরে দাঁড়িয়ে নেওয়া চেঞ্চোর জোরালো শট মুষ্টিবদ্ধ হাতে ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক আরশ আনোয়ার শেখ।
দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় এবারই প্রথম সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর প্রযুক্তি ব্যবহার করছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। তবে প্রচলিত ব্যবস্থার মতো স্টেডিয়াম চত্বরে ভিএআর কক্ষ রাখা হয়নি। এর বদলে ব্যবহার করা হচ্ছে আধুনিক ‘রিমোট ভিএআর’ প্রযুক্তি।
এই পদ্ধতিতে ঢাকার জাতীয় স্টেডিয়ামের ক্যামেরায় ধারণ করা সরাসরি ফুটেজ পাঠানো হচ্ছে থাইল্যান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে। সেখানে ভিডিও ম্যাচ কর্মকর্তারা ফুটেজ বিশ্লেষণ করে মাঠের রেফারিকে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন। সেই তথ্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন মাঠের রেফারি।