ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সেমিফাইনালের টিকিট কাটলো ভারত

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২ মার্চ, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার


সেমিফাইনালের টিকিট কাটলো ভারত

সেমিফাইনালে যেতে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর বিকল্প ছিল না ভারতের সামনে। রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল তারা। ম্যাচ শেষে স্বস্তির হাসি হেসেছে স্বাগতিক ভারত। এদিন ৪ বল আগে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

 

ইডেনে আগে ব্যাটিং করে ভারতকে ১৯৬ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। হাইভোল্টেজ ম্যাচে লক্ষ্যটা একেবারে সহজ ছিল না। শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার অভিষেক শর্মা (১০)। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আউট হন ইশান কিষানও (১০)।

 

তৃতীয় উইকেটে স্যাঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদব মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। শামার জোসেফের বলে সূর্যকুমার আউট হওয়ার আগে ৫৮ রানের জুটি গড়েন তারা। এরপর থিতু হয়ে আউট হন তিলক ভার্মা (২৭) ও হার্দিক পান্ডিয়া (১৭)। যদিও এক পাশ আগলে ব্যাটিং করতে থাকেন স্যাঞ্জু স্যামসন।

 

তিন রানের জন্য স্যাঞ্জু সেঞ্চুরি বঞ্চিত হলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৫০ বলে স্যাঞ্জুর অপরাজিত ৯৭ রানের ইনিংসেই মূলত ভারতের জয় নিশ্চিত হয়। ১২ চার ছাড়াও ৪টি ছক্কা ছিল স্যাঞ্জুর ইনিংসে। অন্য পাশে শুবমান দুবে ৪ বলে ৮ রানে অপরাজিত ছিলেন। অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা হন স্যাঞ্জু।

 

ক্যারিবীয় বোলারদের মধ্যে জেসন হোল্ডার ও শামার জোসেফ প্রত্যেকে নেন দুটি করে উইকেট। একটি উইকেট শিকার করেন আকিল হোসেন।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারে খারাপ হয়নি তাদের। দুই ওপেনার শাই হোপ ও রোস্টন চেজ মিলে ৬৮ রানের জুটি গড়েন। খুব বেশি আক্রমণাত্মক মেজাজে কেউই খেলতে পারেননি। ৩৩ বলে ৩২ রান করে হোপ আউট হলে জুটি ভাঙে। এরপর শিমরন হেটমায়ারকে সঙ্গে নিয়ে রোস্টন গড়েন ১৬ বলে ৩৪ রানের জুটি।

১২ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে হেটমায়ার আউট হলে বিপর্যয়ে পড়ে যায় ক্যারিবীয়রা। মাত্র ১৭ রানের মধ্যে হেটমায়ারসহ রোস্টন ও শেরফানে রাদারফোর্ডকে হারায় তারা। ২৫ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪০ রানের ইনিংস খেলে আউট হন রোস্টন।

এরপর রভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার ছোটখাটো একটি ক্যামিও জুটি গড়েন। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ ৫ ওভারে ৭০ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। দুইজনের ৩৫ বলে অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১৯৫ রান তোলে। ১৯ বলে পাওয়েল ৩৪ এবং হোল্ডার ২২ বলে খেলেন ৩৭ রানের অপরাজিত ইনিংস।

ভারতের বোলারদের মধ্যে জসপ্রিত বুমরাহ দুটি এবং হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী নেন একটি করে উইকেট।


   আরও সংবাদ