ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দেশে ফিরলেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২ মার্চ, ২০২৬ ১৩:৪৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার


দেশে ফিরলেন মুশফিকুর রহিম

পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাবে আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকে থাকতে হয় তাকে। তবে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন এই তারকা ব্যাটার। আজ সকাল ১০টার দিকে ঢাকায় অবতরণ করেন তিনি।

 

প্রথম পরিকল্পনা অনুযায়ী শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা ছিল। উমরাহ শেষে দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আঞ্চলিক আকাশপথে জটিলতা তৈরি হয়। দুবাই পৌঁছানোর পর তার বহনকারী ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়। ফলে সৌদি আরবেই অবস্থান করতে বাধ্য হন তিনি।

 

এই সময়টায় ভক্ত-সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন। অবশেষে রোববার (১ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে স্বস্তির খবর দেন মুশফিক।

পোস্টে তিনি লেখেন, 'আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল (২ মার্চ) সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাদেরকে যারা গত ২৪ ঘণ্টায় আমার সাথে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।'

 

এর আগে তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, মুশফিকের সঙ্গে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। আশা করা হচ্ছিল, সোমবার (২ মার্চ) সকালের ফ্লাইটেই তিনি দেশে ফিরতে পারবেন।

 


   আরও সংবাদ