স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২ মার্চ, ২০২৬ ১৩:৪৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায়ের পর পাকিস্তান ক্রিকেট দলে অস্থিরতা আরও বেড়েছে। হতাশাজনক পারফরম্যান্সের জেরে জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এমনটাই দাবি করছে সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়, গ্রুপ পর্বে ভারতের কাছে হারের পর থেকেই বোর্ডের অসন্তোষ তীব্র হয়। পরবর্তীতে সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ে সেমিফাইনালের পথ কার্যত বন্ধ হয়ে যায়।
শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও তা শেষ চারে ওঠার জন্য যথেষ্ট ছিল না।
বোর্ডের উচ্চপর্যায়ে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে অসন্তোষ রয়েছে। সেই প্রেক্ষাপটেই আর্থিক জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে।
সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ বলেছেন, বড় টুর্নামেন্টে নিজেদের প্রমাণের সুযোগ বারবার এলেও দল তা কাজে লাগাতে পারছে না। তার মতে, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেট এখন কৌশল ও পরিকল্পনাভিত্তিক; সেখানে পাকিস্তান পিছিয়ে রয়েছে।
আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ মনে করেন, দীর্ঘদিন ধরে সুযোগ পাওয়া কয়েকজন ক্রিকেটার গুরুত্বপূর্ণ আসরে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। এখন সময় ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগোনোর।
দলের সিনিয়র ক্রিকেটারদের ভূমিকাও প্রশ্নের মুখে। সাবেক অধিনায়ক ও বর্তমান অধিনায়ক সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ নওয়াজের মতো অভিজ্ঞদের পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছে। নেতৃত্বের দায়িত্ব থেকে আগা সরে দাঁড়াতে পারেন, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।