স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার
দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। তবে পরিস্থিতি অনুকূলে এলে দ্রুতই দেশে ফিরতে চান বাংলাদেশ দলের এই অভিজ্ঞ অলরাউন্ডার। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা সাকিব জানিয়েছেন, তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশে ফেরা এবং আইনি জটিলতার সমাধান।
দ্য ডেইলি স্টারে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, দেশের বাইরে থাকতে হওয়াটা তার জন্য সহজ নয়।
স্বাভাবিকভাবেই দেশের প্রতি টান অনুভব করেন এবং যত দ্রুত সম্ভব ফিরে আসার চেষ্টা করছেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে থাকা বিষয়গুলোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।
ক্রিকেটে ফেরার প্রসঙ্গ উঠলেও সেটিকে আপাতত দ্বিতীয় গুরুত্ব দিচ্ছেন সাকিব। তার মতে, আগে আইনি বাধা দূর হওয়া জরুরি।
এরপরই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বা বিদায় এসব সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ নিয়ে তিনি বলেন, মাঝে মাঝে আলোচনা হলেও বেশিরভাগ বিষয় তাকে নিজ উদ্যোগেই সামলাতে হচ্ছে। তার ধারণা, বোর্ড সরাসরি আইনি প্রক্রিয়ায় যুক্ত হলে সমাধান আরও দ্রুত হতে পারত।
দেশের ঘরোয়া ক্রিকেট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক।
বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে যাওয়ার ঘটনায় তিনি মনে করেন, সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন ক্রিকেটাররাই। ক্লাব ও বোর্ডের টানাপোড়েনে খেলোয়াড়দের স্বার্থ উপেক্ষিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রেও এই অস্থিরতা প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সাকিব। তার মতে, নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলতে পারলে ক্রিকেটারদের প্রস্তুতি ব্যাহত হবে, যা দীর্ঘমেয়াদে জাতীয় দলের ওপর প্রভাব ফেলবে।
রাজনীতি প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে সাকিব বলেন, ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ সবসময়ই থাকবে।
তবে একজন ক্রিকেটার হিসেবে তার সময় সীমিত, তাই এখন পুরো মনোযোগ খেলাতেই রাখতে চান। সুযোগ ও পরিবেশ অনুকূলে এলে ভবিষ্যতে আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছাও রয়েছে তার।