আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬ ১৫:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার
কলম্বিয়ায় অনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠা জলহস্তীর সংখ্যা নিয়ন্ত্রণে সরকারের হত্যার সিদ্ধান্তের বিপরীতে মানবিক বিকল্প প্রস্তাব দিয়েছেন ভারতের শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি।
তিনি কলম্বিয়ায় থাকা প্রায় ৮০টি জলহস্তীকে ভারতে স্থানান্তর করে গুজরাটের জামনগরে তাঁর প্রতিষ্ঠিত প্রাণী সংরক্ষণ কেন্দ্র ‘ভান্তারা’-তে আজীবন যত্নে রাখার প্রস্তাব দিয়েছেন।
১৯৮০-এর দশকে কুখ্যাত মাদকসম্রাট পাবলো এস্কোবার ব্যক্তিগত চিড়িয়াখানার জন্য আফ্রিকা থেকে কয়েকটি জলহস্তী কলম্বিয়ায় আনা হয়। পরে প্রাকৃতিক শত্রুর অভাব ও অনুকূল পরিবেশে এদের সংখ্যা দ্রুত বেড়ে বর্তমানে প্রায় ১৬০-এ পৌঁছেছে।
কলম্বিয়ার পরিবেশ মন্ত্রণালয়ের মতে, এই ‘আগ্রাসী প্রজাতি’ মাগদালেনা নদী অববাহিকায় স্থানীয় জীববৈচিত্র্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। মানেটি ও নদীর কচ্ছপসহ একাধিক স্থানীয় প্রজাতি হুমকির মুখে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্প্রতি ৮০টি জলহস্তী হত্যা করার অনুমোদন দেয়, যা দেশ-বিদেশে তীব্র সমালোচনার জন্ম দেয়। এরই প্রেক্ষিতে অনন্ত আম্বানি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রাণীগুলো নিজেদের কারণে নয়, বরং মানবসৃষ্ট পরিস্থিতির কারণে সংকটে পড়েছে-তাই তাদের জন্য মানবিক সমাধান জরুরি।
তিনি প্রস্তাব দেন, এই জলহস্তীগুলোকে গুজরাটের ‘ভান্তারা’তে স্থানান্তর করা যেতে পারে, যেখানে বর্তমানে বহু প্রজাতির প্রাণীর সুরক্ষা ও চিকিৎসা দেওয়া হয়। কেন্দ্রটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক মান ও নিয়ম মেনে নিরাপদভাবে স্থানান্তরের ব্যবস্থা করা সম্ভব।
এদিকে কলম্বিয়ার পরিবেশমন্ত্রী সতর্ক করে বলেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ২০৩০ সালের মধ্যে জলহস্তীর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতে পারে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: সিএনএন