স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬ ১৫:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬ বার
চট্টগ্রাম থেকে: নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে।
আজও একই পরিস্থিতি। সকাল বৃষ্টি না থাকলেও ১১টা ৫০ মিনিটে নামা মুষলধারে এই বৃষ্টিতে নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছে না।
ম্যাচ আদৌ মাঠে গড়াবে কিনা, সেটি নিয়েও আছে শঙ্কা!
প্রায় এক ঘণ্টা মুষলধারে বৃষ্টির পর এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। বেলা দেড়টার দিকে টস হওয়ার কথা থাকলেও সেটি হয়নি।
দুই দলের ক্রিকেটাররা যথাসময়ে মাঠে আসলেও ড্রেসিংরুমেই অবস্থান করছেন।
আবহাওয়া রিপোর্ট অনুযায়ী সন্ধ্যা ছয়টা পর্যন্ত এমন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এ সময় বাতাসের আর্দ্রতা থাকতে পারে ৬৪ শতাংশ। আছে বজ্রপাতের সম্ভাবনাও। সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সবমিলিয়ে তাই পুরো ম্যাচটি যে হচ্ছে না, সেটি প্রায় নিশ্চিত!
বেলা ৩:১০-এর মধ্যে খেলা শুরু করা গেলে পূর্ণ ২০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর থেকে ওভার কাটা শুরু হবে। ৫:১৬ মিনিটের মধ্যে বল মাঠে গড়ালে, খেলা অন্তত ৫ ওভারে নামিয়ে আনা হবে।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়ানোর কথা বেলা দুইটায়। সেটি নিশ্চিতভাবেই হচ্ছে না। বৃষ্টি কমে গেলে দ্রুততম সময়ের মধ্যে মাঠ খেলার উপযুক্ত করা সম্ভব। কেননা চট্টগ্রামের আউটফিল্ড এবং ড্রেনেজ ব্যবস্থা অনেকটাই ভালো। চট্টগ্রামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু আশাবাদী, বৃষ্টি কমে গেলে মাঠ দ্রুততম সময়ের মধ্যে প্রস্তুত করা যাবে।
প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ৬ উইকেটের দাপুটে জয়ে সিরিজে শুভসূচনা করেছে টাইগাররা। এবার দ্বিতীয় ম্যাচে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে পারবে বাংলাদেশ। কিন্তু এমন সুযোগের আগে বৃষ্টি বাগড়া দিল।