আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মে, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০ বার
তামিলনাড়ু বিধানসভার আস্থা ভোটে বিজয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। তাই সরকার গঠনে তার সামনে আর কোনো বাধা নেই।
বুধবার (১৩ মে) তামিলনাড়ুর বিধানসভায় হওয়া আস্থাভোটে বিজয়ের পক্ষে ভোট দিয়েছেন ১৪৪ জন বিধায়ক।
তাকে সমর্থন দিয়েছে আইইউএমএল, কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআই (এম) এবং এআইএডিএমকের একটি বিদ্রোহী অংশ।
অন্যদিকে বিপক্ষে ভোট পড়েছে মাত্র ২২টি। এম কে স্ট্যালিনের ডিএমকের ৫৯ জন বিধায়ক ভোটাভুটির আগেই সভা থেকে ওয়াকআউট করেন।
৫ জন বিধায়ক ভোটদানে বিরত ছিলেন।
গত ১০ মে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজয়।
কিন্তু ২৩৪টি আসনের বিধানসভায় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন তার হাতে ছিল না। তাই অন্য দলের সমর্থনের প্রয়োজন ছিল তার।
কংগ্রেসসহ আরও কয়েকটি দল তাকে সমর্থন দেওয়ার কথা বললেও এ ধরনের পরিস্থিতিতে বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ দিয়ে থাকেন রাজ্যপাল। সে অনুযায়ীই বিধানসভায় বুধবার আস্থা ভোট হয়।
জোসেফ ভিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) ১০৮ জন বিধানসভার নির্বাচনে বিজয়ী হয়। যদিও কংগ্রেস, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ও বামসহ একাধিক দল তাদের সমর্থন করবে বলে আগেই জানিয়েছিল। সে অনুযায়ী বুধবার তারা আস্থা ভোটের সময় টিভিকের পক্ষেই ভোট দেন।