ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্থানীয় নির্বাচন নিয়ে সিইসির উদ্বেগ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ মে, ২০২৬ ০৯:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০ বার


স্থানীয় নির্বাচন নিয়ে সিইসির উদ্বেগ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের পরও বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ঘোষণা দিচ্ছে, এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএম নাসির উদ্দিন।

তিনি রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।

 

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, দল থেকে অলরেডি মনোনয়নের ঘোষণা দেওয়া হচ্ছে।

এটা আমার জন্য চিন্তার ভাঁজ ফেলেছে। যদি সবাই স্বতন্ত্র প্রার্থী হতো, তাহলে দলের মালিকানার বিষয়টি থাকত না।

তাই আমি মনে করি রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের মধ্যে বসে বিষয়টির একটা ফয়সালা করা।

 

অনুষ্ঠানে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদকে উদ্দেশ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া কোনো নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়।

আমরা চাই রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন। অতীতে স্থানীয় নির্বাচনে অনেক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন দলীয় সমর্থন নিয়ে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

 

তিনি আরও বলেন, আমরা ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই। বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোর মতো একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া প্রয়োজন।

সিইসি জানান, নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আন্তরিক এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি রাখা হবে না।

তিনি বলেন, আমাদের বোঝাপড়ায় কোথাও ঘাটতি থাকলে আলোচনা করে তা সমাধানের চেষ্টা করব। এজন্য ব্যাপক সচেতনতামূলক কার্যক্রমও প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সফলভাবে আয়োজন করা সম্ভব হবে না।

এ সময় স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে প্রশ্নের জবাবে এমএম নাসির উদ্দিন বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হওয়ায় নির্বাচন পরিচালনা বিধি ও আচরণবিধিতে সংশোধন আনতে হচ্ছে। এসব কাজ শেষ করে সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার ইতোমধ্যে জানিয়েছে, চলতি বছরের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।

অনুষ্ঠানে আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল, বিদায়ী সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকরাম-উদ-দৌলা, চার নির্বাচন কমিশনারসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সংস্থার নেতারা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ