স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৭ জুন, ২০২৬ ০৯:৪৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে এই ম্যাচে দর্শকদের সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসিকে মাঠে দেখা যায়নি।
পেশির ইনজুরিতর কারণে পুরো ম্যাচজুড়েই বেঞ্চে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবু তাকে ছাড়াই দাপুটে ফুটবল খেলেছে লিওনেল স্কালোনির দল।
টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে ২-০ গোলের জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা।
প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৩৭ মিনিট পর্যন্ত। বক্সের ভেতর নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা।
স্পট কিক থেকে নির্ভুল শটে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেস।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্কালোনির শিষ্যরা। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিমিওনে। লাউতারোর চমৎকার পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন অ্যাতলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।
দ্বিতীয় গোলের পর একাধিক পরিবর্তন আনেন কোচ স্কালোনি। তবে পুরো ম্যাচেই বিশ্রামে রাখা হয় মেসিকে। গত ২৫ মে ইন্টার মায়ামির হয়ে ম্যাচ খেলতে গিয়ে সামান্য চোট পেয়েছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা। সেই চোট কাটিয়ে ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছেন তিনি।
আগামী ১৬ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। তার আগে ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে স্কালোনির দল।