ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সীমান্তে লাইট বন্ধ করে পুশ-ইনের চেষ্টা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৭ জুন, ২০২৬ ১৬:১৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার


 সীমান্তে লাইট বন্ধ করে পুশ-ইনের চেষ্টা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে সিকিউরিটি লাইট বন্ধ করে একদল নারী-পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় জনগণের সহায়তায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) টহল দল তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ওই পুশ-ইন প্রতিহত করেছে।

 

শুক্রবার (২৬ জুন) দিবাগত ভোররাত ৩টার দিকে সীমান্তের ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন তেলিয়াপাড়া বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর পর্যন্ত ওই সীমান্তে বিজিবির অতিরিক্ত টহল অব্যাহত আছে।

 

৫৫ বিজিবি জানায়, রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। দায়িত্বরত বিজিবি সদস্যরা জিরো লাইনে তাদের প্রতিহত করে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে দেয়।

এ সময় স্থানীয় সীমান্তবাসীরাও বিজিবিকে সহায়তা করে।

 

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

 

সীমান্ত সূত্র জানায়, ঘটনার পর বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে বিজিবির এই আহ্বানে বিএসএফ এখনো কোনো সাড়া দেয়নি। যাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল, তারা বর্তমানে ভারতের সীমান্তবর্তী একটি রাবার বাগানে অবস্থান করছেন বলে জানা গেছে।


   আরও সংবাদ