স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুন, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠায় প্যারাগুয়েতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ইনস্টাগ্রামে বুধবার ছুটির কথা জানিয়েছেন।
এর আগে বোস্টনের মাঠে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে ৪-৩ (নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১) ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটে প্যারাগুয়ে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম পেনাল্টি শুটআউটে হারের স্বাদ তেতো স্বাদ চাখল জার্মানরা।
এই ম্যাচের আসল নায়ক প্যারাগুয়ের গোলকিপার অরলান্দো গিল।
১২০ মিনিটের লড়াকু ফুটবল ছাড়াও টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে জার্মানির দুটি পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি।
জার্মানির প্রথম শট নিতে আসা কাই হাভার্টজ এবং চতুর্থ শট নেওয়া ভোল্টেমাদে-র শট বাজপাখির মতো রুখে দেন গিল।
মাঝখানে প্যারাগুয়ের সানাব্রিয়া শট মিস করেন এবং বালবুয়েনার শট মানুয়েল নয়্যার ঠেকিয়ে দিলে ম্যাচ জমজমাট হয়ে ওঠে।
কিন্তু জার্মানির জোনাথন টাহ শট বারের ওপর দিয়ে মারেন এবং শেষ শটে প্যারাগুয়ের কানালের লক্ষ্যভেদের সঙ্গে সঙ্গে উল্লাসে মাতে লাতিন আমেরিকার দলটি। শেষ ষোলোতে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স অথবা সুইডেন।
ম্যাচের প্রথমার্ধে প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো রক্ষণভাগে চারজনের দুটি নিরেট ও কমপ্যাক্ট লাইন তৈরি করে জার্মানির মিডফিল্ডের সব আক্রমণ আটকে দেন। জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান দুই সেন্টার ফরোয়ার্ড হাভার্টজ ও উন্দাভকে নিয়ে ছক কষলেও প্রথমার্ধে তা কাজে আসেনি।
৭৯ শতাংশ বল পজিশন ধরে রেখেও জার্মানি কেবল বক্সে ক্রস বাড়িয়ে কোনো সুবিধা করতে পারছিল না। উল্টো ৪২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে মাত্র ১.৭৩ মিটার উচ্চতার ফরোয়ার্ড হুলিও এনসিসো দারুণ এক হেডে গোল করে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। মাতিয়াস গালারজার ক্রস থেকে আসা এই গোলের আগে মাঝমাঠ থেকে বলের জোগান দিয়েছিলেন গুস্তাভো গোমেজ ও আলমিরন।
দ্বিতীয়ার্ধে এনমেচার বদলে লিওন গোরেটজকাকে মাঠে নামিয়ে আক্রমণের ধার বাড়ায় জার্মানি। ৫৪ মিনিটে ফ্লোরিয়ান ভির্টৎসের দূরপাল্লার মাপা ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে জার্মানিকে ১-১ সমতায় ফেরান কাই হাভার্টজ।
সমতায় ফেরার পর জামাল মুসিয়ালাকে নামিয়ে একের পর এক আক্রমণ চালায় জার্মানি। কিন্তু প্যারাগুয়ের গোলকিপার অরল্যান্ডো গিল প্রাচীর হয়ে দাঁড়িয়ে ভির্টৎস-হাভার্টজ জুটির নিশ্চিত গোলের প্রচেষ্টা রুখে দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান।
অতিরিক্ত ৩০ মিনিট ছিল মূলত প্যারাগুয়ের ডিফেন্স বনাম জার্মানির অ্যাটাকের লড়াই। এর মাঝেই কর্নার থেকে হেডে প্যারাগুয়ের জালে বল জড়িয়েছিলেন জার্মান ডিফেন্ডার জোনাথন টাহ। কিন্তু ভিএআর-এর সহায়তায় রেফারি জালাল জায়েদ মনিটর দেখে গোলটি বাতিল করেন, কারণ বক্সের ভেতর গোলকিপার গিলের ওপর ফাউল করেছিলেন ভালদেমার আন্তন।
অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে আন্তনের আরেকটি হেডও দুর্দান্তভাবে সেভ করেন গিল। শেষ পর্যন্ত টাইব্রেকারের লটারিতেই নির্ধারিত হয় জার্মানির ট্র্যাজিক বিদায় এবং প্যারাগুয়ের ঐতিহাসিক রূপকথা।