ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩১ অগাস্ট, ২০২৬ ০৯:৪২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের জন্য প্রায় দুই মাসের লম্বা সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের বাইরেও অন্যান্য সব বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ইউএনজিএ’র ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের জন্য ৩১ আগস্ট থেকে ২১ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি রোববার দিনগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে তাকে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করেন। নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।
এদিকে একইদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ’র ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে দেশের বাইরে অবস্থান করবেন। এই সময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ রুলস অফ বিজনেস, ১৯৯৬ অনুযায়ী পররাষ্ট্র প্রতিমন্ত্রীদ্বয়ের কাছে অর্পিত দায়িত্বাবলীর বাইরে অন্যান্য সব দায়িত্ব পালনে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন।
এর আগে ১৯৮৬ সালে ইউএনজিএ’র ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন।