ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩১ অগাস্ট, ২০২৬ ০৯:৪৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, হোটেলকর্মী মো. সিয়াম (২২), চা দোকানি আলমগীর হোসেন (৩২) ও গৃহিণী আশা আক্তার (২৮)।
আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকেন এবং সেখানে একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে তার খালুর চায়ের দোকানে এসেছিলেন।
হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের ভেতর থেকে শাটার বন্ধ করছিলেন। এ সময় তার ডান কাঁধে একটি গুলি এসে লাগে।
আহত আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামী ওই এলাকায় চায়ের দোকান করেন। সন্ধ্যায় দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হয়। তখন দোকানের ভেতরে থাকা অবস্থায় আলমগীর কপালের ঠিক মাঝখানে গুলিবিদ্ধ হন।
অন্যদিকে, আহত আশা আক্তার জানান, তিনি ওই এলাকাতেই থাকেন। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারির মধ্যে পড়ে যান। এ সময় তার ডান পায়ের ঊরুতে গুলি লাগে। তবে কারা গোলাগুলি করছিল, তা তিনি জানেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, তিনজনই জরুরি বিভাগে ভর্তি আছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।