ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩১ অগাস্ট, ২০২৬ ০৯:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার
ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকার মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ফাঁকি উন্মোচন করেছে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
রোববার (৩০ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, গত ৩ আগস্ট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি চৌকস নিবারক দল জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডের কারখানা প্রাঙ্গণে অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রতিষ্ঠানের বিভিন্ন বাণিজ্যিক দলিলাদি ও নথিপত্র জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত দলিলাদি বিস্তারিত পর্যালোচনা ও হিসাব-নিকাশ শেষে দেখা যায়, প্রতিষ্ঠানটি ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে রেকর্ড পরিমাণ ওই রাজস্ব ফাঁকি দিয়েছে। সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তারা প্রকৃত তথ্য গোপন রেখে কার্যক্রম পরিচালনা করে আসছিল।
উন্মোচিত রাজস্ব আদায় এবং ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনি ও বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
এনবিআর জানায়, রাজস্ব ফাঁকি রোধে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এ ধরনের কঠোর নজরদারি এবং নিবারক অভিযান অব্যাহত থাকবে।