স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬ ১৫:৪৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে বাংলাদেশের বিদায়ে গভীর হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে পরাজয়ের পরও মাঠে ফুটবলারদের সর্বোচ্চ চেষ্টা এবং গ্যালারিতে দর্শকদের অকুণ্ঠ সমর্থনের প্রশংসা করেছেন ২০০৩ সালের সাফজয়ী বাংলাদেশ দলের এই গোলরক্ষক।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নিজের প্রতিক্রিয়া জানান আমিনুল হক।
পাকিস্তানের বিপক্ষে হারের হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন, আমাদের সবারই মন খারাপ।
গতকাল জয়ের একটি প্রত্যাশা ছিল পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পেরে উঠিনি। শেষ মুহূর্তের একটি গোলে আমাদের সেই কাঙ্ক্ষিত সাফ হাতছাড়া হলো।
’
টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশের শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন সাবেক এই তারকা গোলরক্ষক। বিশেষ করে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর সেই প্রত্যাশা আরও বেড়েছিল বলে জানান তিনি।
আমিনুল বলেন, ‘আমি টুর্নামেন্টের শুরু থেকেই খুব আশাবাদী ছিলাম। বিশেষ করে শ্রীলঙ্কার ম্যাচের পরে আরও বেশি আশাবাদী হয়েছিলাম যে, বোধহয় আমরা এবার সাফ জিততে চলেছি। সেই আশা নিয়েই সবাই গতকাল মাঠে উপস্থিত ছিলাম।’
পরাজয় সত্ত্বেও ফুটবলারদের লড়াই এবং দর্শকদের সমর্থনকে ইতিবাচকভাবে দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, দর্শকরা তাদের প্রাণ উজাড় করে বাংলাদেশ দলকে সমর্থন করেছে। যেহেতু ফুটবল গোলের খেলা, শেষ মুহূর্তের একটি গোলে আমরা জিততে পারিনি, হেরে মাঠ ছাড়তে হয়েছে।’
২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন আমিনুল হক। দীর্ঘ ২৩ বছর পর ২০২৬ সালে নতুন প্রজন্মের হাত ধরে সেই সাফল্যের পুনরাবৃত্তি দেখতে চেয়েছিলেন তিনি। সেই স্মৃতি টেনে আমিনুল বলেন, ‘২০০৩ সালে আমরা যে সাফ চ্যাম্পিয়ন হয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমি সেই দলের একজন গর্বিত সদস্য ছিলাম। চেয়েছিলাম, সেই রেকর্ডটি আবার ২০২৬ সালে ভেঙে আমরা সাফ চ্যাম্পিয়নশিপের একটি নতুন দল দেখব। কিন্তু আমাদের সেই অপেক্ষাটা বোধহয় আরেকটু দীর্ঘ হলো।’
তবে এই হতাশা পেছনে ফেলে ভবিষ্যতে বাংলাদেশ দল কাঙ্ক্ষিত সাফ শিরোপা জিতবে বলে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আগামীতে আবারও অপেক্ষায় রইলাম যে, ইনশাআল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত সাফ চ্যাম্পিয়নশিপ অর্জন হবে।’