ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

করোনা আশঙ্কায় সীমান্তজুড়ে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬ ১৪:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার


করোনা আশঙ্কায় সীমান্তজুড়ে সতর্কতা

ভারতের অন্ধ্রপ্রদেশে সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু এবং নতুন করে আটজনের করোনা শনাক্ত হওয়ার পর রাজ্যজুড়ে নজরদারি জোরদার করেছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে প্রতিবেশী রাজ্যে মৃত্যুর ঘটনায় ওড়িশা সরকার সীমান্ত এলাকায় কড়া সতর্কতা জারি করেছে।

 

তবে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কাদাপ্পা জেলায় জ্বর ও কাশির মতো উপসর্গ নিয়ে ৫২ বছর বয়সী এক ব্যক্তি এবং পরে চিকিৎসাধীন অবস্থায় ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তির মৃত্যু হয়।

এ ঘটনার পর আক্রান্ত এলাকায় স্বাস্থ্য বিভাগের বিশেষ দ্রুত সাড়া প্রদানকারী দল পাঠানো হয়েছে।

 

অন্যদিকে, মুম্বাইয়ে প্রখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানুর ছেলে জান কুমার শানু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।

 

অন্ধ্রপ্রদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওড়িশা সরকার সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের মালকানগিরি, কোরাপুট, রায়গড়া, গজপতি, গঞ্জাম ও নবরঙ্গপুর জেলায় লক্ষ্যভিত্তিক স্বাস্থ্য পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে। যদিও এখন পর্যন্ত ওড়িশায় নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্ত এলাকায় কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

 

হায়দরাবাদের যশোদা হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক ড. দিলীপ গুড়ে বলেন, কাদাপ্পা এলাকায় যাদের মৃত্যু হয়েছে, তারা দুজনই ডায়াবেটিস, লিভার ও কিডনিসহ জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার ভাষায়, সাধারণ মৌসুমি ফ্লুতেও এমন রোগীদের নিবিড় পরিচর্যা বা ভেন্টিলেটরের প্রয়োজন হতে পারে। তাই বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

বিশেষজ্ঞদের মতে, আগের সংক্রমণ এবং ব্যাপক টিকাদান কর্মসূচির ফলে অধিকাংশ ভারতীয়র শরীরে শক্তিশালী রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছে। তাই দেশজুড়ে বড় ধরনের করোনা মহামারি ছড়িয়ে পড়ার ঝুঁকি খুবই কম।

আস্টার হোয়াইটফিল্ড হাসপাতালের পালমোনোলজি বিভাগের প্রধান ড. শিবরাজ এ এল বলেন, করোনা এখন স্থানীয়ভাবে বিদ্যমান একটি রোগে পরিণত হয়েছে। তাই মাঝেমধ্যে ছোটখাটো সংক্রমণ দেখা দিতে পারে। তবে নজরদারি ও জীবাণুর ধরন শনাক্তের প্রয়োজনীয় সব ব্যবস্থা প্রস্তুত রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে শুধু সতর্ক থাকতে হবে।

সূত্র: এনডিটিভি


   আরও সংবাদ